Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি এফটিএনএস বিভাগের ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

নোবিপ্রবি এফটিএনএস বিভাগের ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

বিদায় সংবর্ধনা
Published: 28 Jul 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্র্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, বিদায় কোনো সমাপ্তির নাম নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে বাস্তব জীবনে কাজে লাগানোর মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য অর্জিত হবে। এ সময় উপাচার্য আরও বলেন, ফুড এন্ড নিউট্রিশনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষার্থী হিসেবে পুষ্টি নিরাপাত্তা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। তাই নিজেদের অর্জিত জ্ঞানকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরভাবে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভবিষ্যতে সাফল্য অর্জনে অধ্যাবসায়, সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগের চেয়ারম্যান ড. মানসুরা মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান ও ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


                  (স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
        মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪