Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত

আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী
Published: 03 Aug 2026

নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘বাংলা দর্পণ সিজন-৭’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের কার্যক্রমকে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য, মানুষের জীবন সংগ্রাম, সমাজের নানা বাস্তবতা এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা সম্ভব। এ মাধ্যমটি কেবল স্মৃতি সংরক্ষণেই ভূমিকা রাখে না বরং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেও কার্যকর ভূমিকা পালন করে। তরুণ আলোকচিত্রীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, প্রকৃতির সৌন্দর্য্যকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারলে আলোকচিত্রে ভিন্ন মাত্রা যোগ হবে যা ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। এ সময় ফটোগ্রাফি ক্লাবের এ ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সিফাত-ই-মান্নান। ‘বাংলা দর্পণ সিজন-৭’ এর বিচারক হিসেবে ছিলেন আশরাফুল ইসলাম শিমুল।

প্রসঙ্গত, আলোকচিত্র প্রতিযোগিতায় প্রায় ১১০০ ছবি জমা পড়ে, যার মধ্য থেকে ৬৪টি ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীতে জুলাই কর্ণার ও ফটোবুথ সংযোজন করা হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।



                   (স্বাক্ষরিত)
             ইফতেখার হোসাইন
   সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
          মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪