Press Release

Back to All Press Releases
নোবিপ্রবির সঙ্গে ইউনিভার্সিটি অব তার্কিশ অ্যারোনটিক্যাল অ্যাসোসিয়েশন এর চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে ইউনিভার্সিটি অব তার্কিশ অ্যারোনটিক্যাল অ্যাসোসিয়েশন এর চুক্তি স্বাক্ষর

MoU
Published: 18 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তুরস্কের ইউনিভার্সিটি অব তার্কিশ অ্যারোনটিক্যাল অ্যাসোসিয়েশন (UTAA)-এর মধ্যে ‘Erasmus plus KA171’ প্রোগ্রামের আওতায় ইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অন্যদিকে ইউনিভার্সিটি অব তার্কিশ অ্যারোনটিক্যাল অ্যাসোসিয়েশন এর পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. রাহমীর। এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রকৌশল ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এ চুক্তি নতুন মাত্রা যুক্ত করবে। এর মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। এছাড়াও ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং অন্যান্য সহযোগিতামূলক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ক্ষেত্রে কাজ করলে ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে বলে জানান।
এ সময় অন্যান্যের মাঝে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহিনুজ্জামান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলাবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই প্রাতিষ্ঠানিক চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একাডেমিক ও গবেষণা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

                ( স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
           মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪