Press Release

Back to All Press Releases
ইউজিসি আয়োজিত ‘ভাইস চ্যান্সেলর’স ডায়ালগ’-এ নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

ইউজিসি আয়োজিত ‘ভাইস চ্যান্সেলর’স ডায়ালগ’-এ নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

‘ভাইস চ্যান্সেলর’স ডায়ালগ’
Published: 21 Aug 2026

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘ভাইস চ্যান্সেলর’স ডায়ালগ’-এ অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সাভারের ব্র্যাক সিডিএমে এ সংলাপ শুরু হয়েছে।

সংলাপের প্রথম দিনে উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় সেশনসহ বিভিন্ন অধিবেশনে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, সুশাসন, গবেষণা ও উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ, শিল্পখাতের সঙ্গে সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী সংলাপে অংশ নেন।

এ প্রসঙ্গে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, “উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সময়োপযোগী রূপান্তরের জন্য এ ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষাকে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা বৃদ্ধি এবং গবেষণার ফলাফলকে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে। একইসঙ্গে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিক সহযোগিতা ও সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। ইউজিসির এ উদ্যোগ দেশের উচ্চশিক্ষার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”

সংলাপের প্রথম দিন আজ উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় সেশনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ অংশ নেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেশনে দেশের উচ্চশিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি সদস্য এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংলাপের প্রথম দিনে চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা অংশ নেন। দুই দিনব্যাপী এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উচ্চশিক্ষার মানোন্নয়ন, সুশাসন, গবেষণা ও উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ, শিল্পখাতের সঙ্গে সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থান বৃদ্ধিসহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।


   
                   (স্বাক্ষরিত)
             ইফতেখার হোসাইন
   সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
          মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪