Press Release
প্যারেন্টিং ইন বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তা নোবিপ্রবি উপাচার্য
প্যারেন্টিং ইন বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা
নোয়াখালীতে ‘প্যারেন্টিং ইন বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) নোয়াখালী সরকারি কলেজের সম্মেলন কক্ষে ‘কর্ম, পরিবার এবং আধুনিক প্যারেন্টিং’ বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় আধুনিক যুগে সন্তান লালন-পালন ও পারিবারিক সুস্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে আলোকপাত করে অভিভাবকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি সুস্থ সমাজ বিনির্মাণে সরকারের পাশাপাশি পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি। প্যারেন্টিংয়ে সন্তানের শারীরিক যতেœর পাশাপাশি তাদের মানসিক যতেœর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বর্তমানে সন্তানকে শাসন করার চেয়ে তাদের বন্ধু হওয়া, কথা শোনা এবং তাদের মতামতকে গুরুত্ব প্রদান করা এখনকার প্যারেন্টিয়ের মূল ভিত্তি হওয়া উচিত। বক্তব্যে এ ফোকাস গ্রুপ ডিসকাশন থেকে যে মূল্যবান মতামত এবং সুপারিশগুলো উঠে আসবে তা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন নোয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে পটভূমি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ ইনস্টিটিটের প্রভাষক মোহাম্মদ শাহজাহান এবং এফজিডির উদ্দেশ্য ব্যাখ্যা করেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মাহমুদুল হাসান। আলোচনায় তরুণ প্রজন্মের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিভাবকদের ভূমিকা নিয়ে বিশেষ বক্তব্য দেন নোয়াখালী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার। অনুষ্ঠানে প্যারেন্টিং এবং আইসিটি: ডিজিটাল যুগে নিরাপদ ও স্মার্ট লালন-পালন বিষয়ে আলোচনা করেন সাসটেইনেবল ইনক্লুশন ইনিশিয়েটিভ (সাসইন) এর নির্বাহী পরিচালক মো: মাসুম বিল্লাহ, সমাপনী বক্তব্য প্রদান করেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার হায়দার।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সাসইন (SUSIN) এর সহযোগিতায় ‘ওয়ার্ক, ফ্যামিলি এন্ড মডার্ন প্যারেন্টিং ইন বাংলাদেশ: এক্সপ্লোরিং দ্যা শিফটিং প্যাটার্নস এন্ড রিকমেন্ডেশনস্ ফর ফ্যামিলি ওয়েল-বিয়িং’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকদের সঙ্গে একটি উন্মুক্ত আলোচনা সেশন পরিচালিত হয়।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪