Press Release
নোবিপ্রবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ১ যুগ পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) নোবিপ্রবি সাংবাদিক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তিতে আমি এর সাবেক ও বর্তমান প্রতিটি সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। দীর্ঘ এক যুগ ধরে এ সংগঠনটি নিষ্ঠা ও সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে, যা প্রসংশার দাবি রাখে। আমার প্রত্যাশা থাকবে পূর্বের ন্যায় আগামী দিনগুলোতেও সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং যে কোনো অপপ্রচার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে। উপাচার্য আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই একটি পরিবারের মতো, যেখানে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবাই স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারি। তবে এক্ষেত্রে ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনাদের নীতি এবং মূল্যবোধ দ্বারা তাড়িত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কোথাও কোনো সমস্যা দেখলে আপনারা প্রশাসনকে তা অবহিত করবেন, আমরা দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করবো। এ সময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নোবিপ্রবি অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. শহিদ সারওয়ার ও সাংবাদিক সাইফুল্লাহ কামরুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুদাসসির নাফিসসহ সাবেক আহ্বায়ক কমিটি ও কার্যনির্বাহী কমিটিসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
(স্বাক্ষরিত)
রায়হান কায়সার হাশেম
সহকারী রেজিস্ট্রার
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়