Press Release
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের ল্যাব কক্ষে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা ডি-নথি ব্যবহারের ওপর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছি। এর আগেও এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা এবং একটি পেপারলেস প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। সে লক্ষ্য বাস্তবায়নে ডি-নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণ এবং আপনাদের একাগ্রতার মাধ্যমে ডি-নথি ব্যবহারের বিষয়টি খুব সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন। উপাচার্য আরও বলেন, এর মাধ্যমে যেকোনো স্থানে বসেই ফাইল নিষ্পত্তি করা সম্ভব, ফলে প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সময়ের অপচয় কমবে। এ সময় আগামী বছর থেকেই ডি-নথির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং এ লক্ষ্য বাস্তবায়নে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. মাঈনুদ্দীন, ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মিরাজ হোসেন। প্রশিক্ষণে প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান। প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন দপ্তর ও শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪