Press Release
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
নবীন বরণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবীন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি পবিত্র জায়গা। তোমাদের প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। উপাচার্য আরো বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বক্তব্যে নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবুর রহমান সরওয়ার, এমপি।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪