News and Events
রবীন্দ্র-নজরুল জয়ন্তী
প্রকাশকালঃ May 27, 2025, ক্যাটাগরিঃ অনুষ্ঠান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। গত ২৬ মে ২০২৫ তারিখের এই আয়োজনে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সকালে এই উৎসবের উদ্বোধন করেন। প্রথম পর্বে শোভাযাত্রার পরে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সহযোগী অধ্যাপক ড. শুভেন্দু সাহা। তারা বর্তমান বাংলাদেশের বাস্তবতায় রবীন্দ্রনাথ ও নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে তাদের প্রবন্ধে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ ইসমাইল বলেন- রাষ্ট্রীয় সংকটকালেও সাহিত্য আমাদের প্রাণশক্তি হিসেবে কাজ করে, সেখানে সবচেয়ে প্রাসঙ্গিক দুজন সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ও নজরুল। তিনি সৃজনসত্তার বিকাশে রবীন্দ্র ও নজরুল সাহিত্যের ভূমিকার কথাও উল্লেখ করেন। নোবিপ্রবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ হানিফ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।