Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে ফার্মেসী বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ফার্মেসী বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিদায় সংবর্ধনা
Published: 14 Jul 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিদায় শব্দটির সঙ্গে স্বাভাবিকভাবেই এক ধরনের আবেগ, শূন্যতা ও বেদনার অনুভূতি জড়িয়ে থাকে। তবে শিক্ষাজীবনের এ বিদায়কে চূড়ান্ত বিদায় হিসেবে নয়, বরং নতুন একটি সম্ভাবনা, দায়িত্ব ও সাফল্যের পথে যাত্রার সূচনা হিসেবে বিবেচনা করতে হবে। যদিও প্রিয় শিক্ষাঙ্গণ, শিক্ষক ও সহপাঠীদের ছেড়ে যাওয়াটা কিছুটা কষ্টের, কিন্তু ভবিষ্যত কর্মজীবনে সাফল্য অর্জনের মধ্য দিয়ে সেই অনুভূতি একসময় গর্ব ও আনন্দে রূপান্তরিত হবে এটাই স্বাভাবিক। বক্তব্যে স্নাতকদের পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপাচার্য। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হলেও নোবিপ্রবির সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সম্পর্ক কখনোই ছিন্ন হবে না। দেশে কিংবা বিদেশে, পৃথিবীর যে প্রান্তেই নোবিপ্রবির শিক্ষার্থীরা থাকুক না কেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক আত্মিক বন্ধন সুদৃঢ় রাখার লক্ষ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছর অন্তত একটি হলেও পুনর্মিলনী আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ফার্মেসী বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।