Press Release
নোবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা ডিজিটাল পদ্ধতিতে দাপ্তরিক ফাইলগুলো উপস্থাপন করতে চাই। এ লক্ষ্যে আমরা পর্যায়ক্রমে সবার জন্য প্রশিক্ষণের আয়োজন করবো এবং আপনারা এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এ সময় ডি-নথি বিষয়ক গুরুত্বপূর্ণ সেশনসমূহ পরিচালনা করার জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য আরও বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে ডাটা ম্যানেজমেন্ট এবং সফ্টওয়্যারের ব্যবহার সম্পর্কে প্রত্যেকের ধারণা রয়েছে। ডি-নথিও এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে নির্দিষ্ট স্থানে তথ্য ও মতামত প্রদান করা যায় এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। এই পদ্ধতি দ্রুততার সঙ্গে সাচিবিক কাজকে ত্বরান্বিত করে কাজের স্বচ্ছতা নিশ্চিত করবে বলে মতামত ব্যক্ত করেন উপাচার্য।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্তমানে অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডি-নথির গুরুত্ব অপরিসীম। অফিসসূহে ডি-নথি চালু হলে একদিকে যেমন কর্মঘণ্টা সাশ্রয় হবে তেমনি সনাতন পদ্ধতির চেয়ে কাজের গতি আরও তরান্বিত হবে। আপনারা সবাই ডি-নথিতে দক্ষ হবেন এবং এ ডিজিটাল পদ্ধতির সঙ্গে নিজেদের এডাপ্ট করবেন এ প্রত্যাশা করছি।
বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, প্রশিক্ষণকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, তবেই তা ফলপ্রসূ হবে। আমি অনুরোধ করবো, আপনারা আজ যে প্রশিক্ষণ গ্রহণ করবেন তা অনুশীলনের চেষ্টা করবেন এবং আপনাদের সহকর্মীদের নতুন এ পদ্ধতি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করবেন। বিশ্বায়নের যুগে আমরা যদি ডি-নথি ব্যবহার না করি, তাহলে আমরা পিছিয়ে পড়বো।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. মাঈনুদ্দীন ও ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মেরাজ হোসেন। প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান। প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জিএম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪