Press Release
নোবিপ্রবিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ু সহিষ্ণু কৃষি: গবেষণা ও উদ্ভাবন শীর্ষক সেমিনার
গবেষণা ও উদ্ভাবন শীর্ষক সেমিনার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ু সহিষ্ণু কৃষি: গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। ঝড়, বন্যা, খরা, নদীভাঙনের মত প্রাকৃতিক দুর্যোগে আমাদের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। প্রতিকূল পরিবেশ মোকাবিলা এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে আমাদের এখনই জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন করতে হবে। বক্তব্যে খাদ্যনিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এখন আর প্রথাগত কৃষি প্রযুক্তির ওপর নির্ভর না করে অগ্রসরমান এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের উপর জলবায়ুর প্রভাব নিরূপণ এবং ভবিষ্যতের খাদ্য-নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’ শীর্ষক প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জলাবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনের পরিচালক মির্জা শওকত আলী, নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি।
সেমিনারে প্রকল্পের সার-সংক্ষেপ তুলে ধরেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। তিনি বলেন, আজকের সেমিনারের কি-নোট স্পিকারগণ জলবায়ু পরিবর্তনের বাস্তবতা ও প্রভাব বিশ্লেষণ, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মিটিগেশন এবং এডাপটেশন কৌশল, মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলে ভবিষ্যতে সয়াবিন এবং বার্লি উৎপাদনের সম্ভাবনা, জলবায়ু সহিষ্ণু আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন।
প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকবৃন্দ অংশ নেয়।
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪