Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি আইন বিভাগে অনুশীলনমূলক মক ট্রায়ালের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

নোবিপ্রবি আইন বিভাগে অনুশীলনমূলক মক ট্রায়ালের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

‘মক ট্রায়াল’
Published: 02 Sep 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগে শিক্ষার্থীদের অনুশীলনমূলক ‘মক ট্রায়াল’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবি আইন বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় আইন বিভাগের শিক্ষার্থীরা বাস্তব আদালতের আদলে আইনি বিতর্ক ও বিচারিক প্রক্রিয়ায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আদালতের কার্যক্রম অনুকরণের মাধ্যমে আজ আমাদের শিক্ষার্থীরা এর কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করলো। এর মাধ্যমে তাদের যুক্তি-তর্কে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আইনি বিশ্লেষণ এবং জনসমক্ষে কথা বলার আত্মবিশ্বাস সৃষ্টি হবে। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরণের আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীবান্ধব নানা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন এবং নোয়াখালী জেলা জজ কোর্টের সাবেক এজিপি ও নোবিপ্রবি প্যানেল আইনজীবী অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদ। আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. ছাফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, ‘মক ট্রায়াল’ এর মাধ্যমে শিক্ষার্থীদের আইনগত তত্ত্বের পাশাপাশি আদালতের বাস্তব পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। যেখানে বাস্তব আদালতের প্রক্রিয়া অনুসরণ করে আইনি বিতর্ক ও বিচারপ্রক্রিয়া পরিচালনা করা হয়।


                     (স্বাক্ষরিত)
            রায়হান কায়সার হাশেম
              সহকারী রেজিস্ট্রার
           জনসংযোগ ও প্রকাশনা দপ্তর