Press Release
নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগের ৫ম আবর্তনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিদায় সংবর্ধনা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্র্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, তোমাদের লেখাপড়ার সঙ্গে সমুদ্র ও সামুদ্রিক সম্পদের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গোপসাগর আমাদের জন্য মৎস্য সম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য, খনিজ ও প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভান্ডার। একইসঙ্গে সমুদ্রকে ঘিরে রয়েছে ব্লু ইকোনমির অপার সম্ভাবনা। তোমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করেছো, যা ভবিষ্যতে দেশের সামুুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বাংলাদেশের সমুদ্র ও সামুদ্রিক সম্পদকে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার হিসেবে প্রতিষ্ঠিত করতে তোমরা ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এ সময় সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে একটি সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(স্বাক্ষিরত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪