Press Release
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) টেকসই ও পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ সোলার এনার্জি ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে স্থাপিত এ সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নোবিপ্রবিতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে স্থাপিতব্য বিশ্বমানের এআই ল্যাবের জন্য পরিবেশবান্ধব গ্রিন এনার্জি সরবরাহ করা হবে। উপাচার্য আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। আমরাও সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্র প্রস্তুতে কাজ করছি। এই সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যয় তুলনামূলকভাবে খুবই সামান্য, ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে। আমরা পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে সোলার প্যানেলের আওতায় নিয়ে আসবো। বক্তব্যে সোলার এনার্জির মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি একটি শিক্ষার্থীবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. আসাদুন নবীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এ সোলার প্যানেল থেকে বছরে ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং এতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে মাত্র ৪ টাকা। এর মাধ্যমে এআই ল্যাবের বিদ্যুৎ চাহিদা পূরণ করে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪